নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত আলোচিত ব্যক্তি সবেদ আলী প্রকাশ্যে বীরদর্পে চলাফেরা করলেও দীর্ঘদিনেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় তীব্র প্রশ্ন, ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, সবেদ আলী নিয়মিত প্রকাশ্যে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং ন্যায়বিচার পাওয়া নিয়ে গভীর সংশয় সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে আলোচনা রয়েছে যে, থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে সবেদ আলী গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পাচ্ছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা পুলিশি বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এসব অভিযোগকে আরও জোরালো করছে বলে মনে করছেন সচেতন মহল।
একাধিক সূত্র জানায়, আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পলাতক আসামি ফয়সালের সঙ্গে সবেদ আলীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং ঘটনার পর আসামিকে পালাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। সূত্রের দাবি, সবেদ আলীর ব্যবহৃত ১৫ থেকে ২০টি বিভিন্ন মোবাইল অপারেটরের সিমকার্ড বিশ্লেষণ করলে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অপরাধ-সংক্রান্ত তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, সবেদ আলী পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং নিজেকে তার অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে টেন্ডারবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ নানা গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সম্পদের মালিক বনে যান।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সবেদ আলী দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন। তিনি প্রকাশ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার এলাকায় সবেদ আলীর একটি দুইতলা ভবন রয়েছে, যা তার ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহৃত হয়। অভিযোগ রয়েছে, ওই ভবনে তার নিজস্ব ক্যাডার বাহিনীর আস্তানা রয়েছে এবং সেখানে টর্চার সেল পরিচালনা করা হয়। পাশাপাশি একই এলাকায় সীমান্ত অঞ্চল থেকে ট্রাকযোগে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য আনা হয় এবং এই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণও তার হাতে রয়েছে বলে স্থানীয়দের দাবি।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—সবেদ আলীর এসব অপকর্ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে ধরে এনে ওই স্থানে আটকে রেখে তথাকথিত ‘বিচার’-এর নামে অমানবিক নির্যাতন চালানো হয়।
জানা গেছে, সবেদ আলী আশুলিয়ার বাইপাইল এলাকার বগাবাড়ির বাসিন্দা এবং তিনি মৃত সদর আলীর ছেলে।
এ বিষয়ে এলাকাবাসীর প্রশ্ন—যদি উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা হয়, তবে কেন পুলিশ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করছে না? আর যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তবে একজন হত্যা মামলার আসামি কীভাবে প্রকাশ্যে ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চলাফেরা করতে পারে?
সচেতন নাগরিকদের মতে, নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এসব প্রশ্নের জবাব পাওয়া সম্ভব। অন্যথায় আশুলিয়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।