নিজস্ব প্রতিবেদক।।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি হিসেবে এ এইচ এম সফিকুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া পুনরায় নির্বাচিত হয়েছেন। নবগঠিত এ নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

শনিবার (৪ এপ্রিল) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
উপস্থিত ভোটারদের ভোটে ৫১-২ ব্যবধানে ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামিল চৌধুরী এবং সহসভাপতি পদে এস এম নাজের হোসাইন। সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শওকত আলী খান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আবুল কালাম আজাদ এবং প্রচার সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল এবং বাহাদুর সাজেদা আক্তার।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান তাকে পুনরায় নির্বাচিত করায় উপস্থিত ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।