শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

চাঁদপুরের কচুয়ায় স্কুলে অগ্নিদগ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু: প্রধান শিক্ষকসহ ৯ শিক্ষকের শাস্তি

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার স্তূপে দেয়া আগুনে দগ্ধ হয়ে শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ নয় সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় এ শাস্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।
মুহাম্মদ মোছাদ্দেক হোসেন জানান, ঘটনার পর বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে সম্প্রতি প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্য একটি ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) স্থগিত করা হয়েছে। পাশাপাশি আট সহকারী শিক্ষককে শাস্তিমূলক বদলি ও এক বছরের জন্য বেতন স্কেলের একটি ধাপ নিচে নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্ত সহকারী শিক্ষকরা হলেন- ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুন নেছা ও ফাতেমা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এমন দায়িত্বহীনতা এড়াতে জেলার ১১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা না ঘটে।
উল্লেখ্য, গত বছরের ২১ জানুয়ারি বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ময়লার স্তূপে দপ্তরি সুমন মজুমদার আগুন ধরিয়ে দেন। স্কুল ছুটির পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার আগুনে দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জানুয়ারি তার মৃত্যু হয়।
ঘটনাটি জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। স্থানীয়রা বিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com