নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুরের নারী উন্নয়ন সংগঠন ‘বিজয়ী’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুর পুরান বাজারে বিজয়ীর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এক ঝাক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান উপস্থিত নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে দিবসটি উদযাপন করেন। আলোচনা সভায় তিনি বলেন, সমতা, অধিকার ও সম্মানের জন্য নারীর সংগ্রাম অব্যাহত থাকবে।
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় ‘বিজয়ী’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নারী উদ্যোক্তাদের সাহসিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামী দিনে তাদের কল্যাণে আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এ সময় অংশগ্রহণকারী উদ্যোক্তারা নারীর ক্ষমতায়নে তানিয়া ইশতিয়াক খানের ভূমিকার প্রশংসা করেন এবং নিজেদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘বিজয়ী’র অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।