মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাঁদপুর তিন নদীর মোহনায় দর্শনার্থীদের মিলনমেলা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলায় প্রায় ২৭ লাখ মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর জন্য বড় ধরনের কোনো পর্যটনকেন্দ্র না থাকায় বিভিন্ন উৎসব ও অবসর সময়ে লোকজন ছুটে আসে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে।
এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে দর্শনার্থীদের ঢল নেমেছে। এখানে এসে সময় কাটাতে পেরে আনন্দিত সব বয়সী লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত তিন নদীর মোহনা বড় স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার বাইরে এবং বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীদের পদচারণে মুখর । পরিবারের সদস্যদের নিয়ে কেউ গণপরিবহনে, আবার অনেকে প্রাইভেট গাড়ি ভাড়া  নিয়ে এসেছেন ঘুরতে। ত্রি নদীর মোহনায় মনোরম প্রাকৃতিক স্থানের দৃশ্য সকালে একরকম, দুপুরে আরেক রকম লাগে। আবার বিকেলে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ রূপ লাগে। তবে রাতে বেশি সময় থাকার ব্যবস্থা না থাকলেও জ্যোৎস্না রাতের সৌন্দর্য হয় অপরূপ। প্রিয়জনদের নিয়ে নৌকা করে রাতের বেলায় ডাকাতিয়া নদীতে ঘুরে বেড়ায় অনেকে।
মোহনার উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে ছোট বড় ট্রলার ও স্পিড বোট। এসব ট্রলার আর স্পীড বোট দিয়ে মেঘনা নদীর পশ্চিম পাশে মিনি কক্সবাজার নামক স্থানে ঘুরে আসা যায়। তবে বিকেল ৫টার মধ্যে আবার মোহনায় চলে আসতে হয়। আসা-যাওয়া ট্রলারে জনপ্রতি ভাড়া ১০০ টাকা। স্পিড বোটে জনপ্রতি ভাড়া কমপক্ষে ৩০০ টাকা।
জেলার কচুয়া থেকে ঘুরতে আসা শাহাদাত হোসেন বলেন, ঈদ ছাড়াও এখানে বেশ কয়েকবার ঘুরতে এসেছেন। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য আমায় টানে।
একই উপজেলার শিক্ষক সোলাইমান বলেন, মূলত জেলার পরিচিতি হচ্ছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। আর এই স্থানটিতে এলে ইলিশের বাড়ির আনন্দ পাওয়া যায়। নদীর প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্য এটি অন্যতম একটি স্থান।
লক্ষ্মীপুর জেলা থেকে ঘুরতে এসেছেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন ও তাঁর পাঁচ বন্ধু। তাঁরা  আগেও বেশ কয়েকবার এখানে এসেছেন। ঈদের তাঁরা ঘুরাঘুরির অন্যতম স্থান হিসেবে মোটর সাইকেল যোগে তিন নদীর মোহনা আসেন। তারা জানান সকাল থেকে দুপুর পর্যন্ত এ স্হানের  প্রতিটি মুহূর্ত খুবই ভাল লাগে তাই তারা প্রায় সময় ছুটে আসেন ।
চৌদ্দগ্রাম থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন মনিরুল ইসলাম নামের এক ব্যাক্তি । তিনি বলেন, আমরা এবছরই প্রথম চাঁদপুর মোহনায় এসেছি। এখানের নদীর ঢেউ ও পরিবেশ দেখতে খুবই চমৎকার লাগে। পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ ভালো সময় কাটাতে পারবেন। ঈদ উপলক্ষে বহু মানুষ ঘুরতে এসেছে। সবকিছু মিলিয়ে এই জায়গাটি খুবই ভালো লেগেছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে পুলিশ পুরো শহরে দিন ও রাতে দায়িত্ব পালন করছে। বিশেষ করে তিন নদীর মোহনায় আসা পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ  (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, লঞ্চঘাটসহ চাঁদপুর নৌ এলাকায় নৌ পুলিশ সার্বক্ষিণক টহল ব্যবস্থা রেখেছে। বিশেষ করে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনা নজরদারিতে রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com