জানা যায়, গত ৯ নভেম্বর থেকে হাসপাতালে কুকুরের কামড়ের জলাতঙ্ক ভ্যাকসিন (র্যাবিস ভ্যাকসিন) সংগ্রহে নেই। প্রায় দুই মাস ধরে এই সংকট চলায় কুকুরের কামড়ে আহত রোগীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন শহর ও জেলার বিভিন্ন এলাকা থেকে কুকুর ও বিড়ালের কামড়ে আহত মানুষ চিকিৎসা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে গিয়ে ও দোকানে ভ্যাকসিন পাচ্ছেনা । ৪-৫ জন রোগী মিলে একটি ভ্যাকসিন কিনে দিচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে যে ভ্যাকসিন পাওয়ার কথা, সেটি না থাকায় তারা বাড়তি খরচে কিনে এনে দিতে হচ্ছে। বেসরকারি ফার্মেসি বা ক্লিনিকে ভ্যাকসিন কিনতে গিয়ে অনেককে কয়েকগুণ বেশি দাম গুনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, সময়মতো র্যাবিস ভ্যাকসিন না পেলে আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকিতে পড়বে। জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হওয়ায় সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এই ঘাটতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।