চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে দিদার মাল নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয়দের কাছে সে দীর্ঘদিন ধরেই চোরচক্র ও মাদক ব্যবসার সম্রাট হিসেবে পরিচিত ছিল। পুলিশ জানায়, রাত প্রায় সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কালিবাড়ী মোড় এলাকায় টহলরত টিম জানতে পারে— বাবুরহাট এলাকায় দিদারের টিনসেট ঘরে চোরাই মালামাল ও অবৈধ ইয়াবা মজুদ রাখা হয়েছে।
ওসি ফয়েজ আহমেদের নির্দেশে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দিদার মালকে ঘটনাস্থলেই আটক করা হয়। বাকি ৬ থেকে ৭ জন অন্ধকার গলি দিয়ে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে দিদার মালের ঘরে তল্লাশি চালিয়ে যা পাওয়া গেল তিনটি সেচ পানির পাম্প, ২০ পিস ইয়াবা ট্যাবলেট,লোহার হাতুড়ি ও ধারালো দা, চারটি মোবাইল ফোনসহ
সব মিলিয়ে প্রায় ১ লাখ ৯ হাজার টাকার চোরাই মালামাল।
পুলিশের জিজ্ঞাসাবাদে দিদার স্বীকার করে, সে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকা ও কৃষিজমি থেকে চুরি করা পাম্প ও মালামাল কিনে ঘরে মজুদ রাখত এবং পরে বিক্রি করত। একই সঙ্গে ইয়াবা ব্যবসাও চালাত। পুলিশ আরও জানায়, সে দীর্ঘদিন ধরে অভ্যাসগত ভাবে চোরাই মাল ও মাদক বেচাকেনা করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল, রাব্বি, শরীফ, আল-আমিন , কাউছার মালসহ আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।