মঙ্গলবার (২ জুন) চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে মধ্যে প্রথমে বাকবিতণ্ডা। তারই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াসিন নামে ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একই এলাকার মুসা প্রধানীয়ার সঙ্গে ইয়াসিনের কথা কাটাকাটির এক পর্যায়ে মুসা বাঁশ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চাঁদপুরে ফিরে আসেন।
নিহতের মা আম্বিয়া খাতুন জানান, একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তার দাবি, নদীর পাড়ে গোসল করতে যাওয়ার সময় ছেলের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু ব্যক্তি পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এস আই আওলাদ হোসেন জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনার পর পুলিশ সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।