স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমার আহ্বানে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। এখানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও উন্নত চাঁদপুর গড়ে তুলতে পারব।
তিনি আরো বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর সদর ও হাইমচরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা আপনাদের সবাইকে নিয়ে একটি নির্বাচন সম্পন্ন করেছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে চাঁদপুরের নেতৃত্বে এসেছেন শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি ‘মানিক’ নামেই বেশি পরিচিত। সকলের সহযোগিতায় তিনি চাঁদপুর ও হাইমচরকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসেবে জনগণের মাঝে সরকারের উন্নয়ন কার্যক্রম সরাসরি পৌঁছে দেওয়ার একটি বড় সুযোগ এখন তাঁর সামনে রয়েছে। তিনি এমনভাবে কাজ করবেন যাতে চাঁদপুরের উন্নয়ন সারা দেশে উদাহরণ হয়ে দাঁড়ায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে জেলা প্রশাসকদের রদবদলের বিষয়টি আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না আমার নাম সেই তালিকায় আছে কি না, তবে আমি সবসময় নিজেকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবেই মনে করব এবং এই জেলার মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।
এসময় চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান বলেন, সংসদ সদস্যের বাসভবনে আমন্ত্রণ পেয়ে তিনি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, এটি আমাদের জন্য একটি বিশেষ আয়োজন। এর আগে দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠকে এমপি মহোদয় বলেছেন, সুন্দর চাঁদপুর গড়তে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধির মাস। এই মাস মানুষকে বৈধ ও অবৈধ নানা কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয় এবং সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ কামরুর হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।