রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।
অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তরপাশে, ওয়ারলেছ বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন, ওয়ারলেস সবজির বাজার, গোশতের বাজার, ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস জানান, এই জায়গা সড়ক বিভিগের।
তারা এসে উচ্ছে অভিযান করেছে। কিন্তু বহু বছর ধরে এই বাজার ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা।
ইজারাদার কবির খলিফা নিয়মিত খাজনা উঠাচ্ছে।
এর আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেওয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, উচ্ছেদের পর যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তাদের একটি তালিকা করা হবে। তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের দুপাশে আমাদের কিছু নিয়মিত বাজার আছে, সেগুলো ইজারা হয়। এসব বাজারে হাটের দিন কৃষক ও সাধারণ মানুষ হাতে করে নিয়ে এসে বিভিন্ন জিনিস বিক্রি করে। তারা সড়কের জায়গা দখল করে না। কিন্তু কিছু ব্যবসায়ী আছেন, যারা অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছেন তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।