মানিক দাসঃ চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের(ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো: গোলাম জাকারিয়াকে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলী করা হয়েছে৷
21 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো: গোলাম জাকারিয়া।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান মোঃ গোলাম জাকারিয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নালিজম বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ২৮তম বিসিএস দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি চাঁদপুরে স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চাঁদপুরে দায়িত্ব পালনকালে তার একাধিক সিদ্ধান্ত পৌরবাসীর মাঝে ব্যাপক চাপা ক্ষোভ বিরাজ করছে। যার মধ্যে একাধিকবার পৌরসভার পানির বিলবৃদ্ধি, পৌরকর বৃদ্ধি, ইলিশ চত্বরে সৌন্দর্য বিনষ্ট করা, পৌরসভার ১২০ বছরের প্রাচীন দাতব্য চিকিৎসালয় বন্ধ করে দেওয়া, পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার না করা ইত্যাদি।