মানিক দাসঃ চাঁদপুর শহরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। পরিবার, প্রতিবেশী সবার মনে নেমে এসেছে আতঙ্ক আর ক্ষোভ।
চাঁদপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কের একটি বাড়িতে থাকেন শহীদ বেপারী। তিনি নাইটগার্ডের কাজ করেন। তাঁর ২৫ বছর বয়সী মেয়ে মানসিক প্রতিবন্ধী। নিরাপত্তার কারণে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে খাটের সাথে বাঁধা অবস্থায় রাখা হয়।
ঘটনাটি ঘটে গত ২ ডিসেম্বর দুপুর দুইটার দিকে। এর আগে দুপুর সাড়ে বারোটায় শহীদ বেপারীর স্ত্রী খাবার নিয়ে তাঁর কর্মস্থলে যান। বের হওয়ার সময় তিনি মেয়েকে আগের মতোই ঘরে শিকলে বেঁধে রেখে যান।
তিনি বাড়ি ফিরে জানতে পারেন, তাঁর বের হওয়ার পর প্রতিবেশী ও আত্মীয় মো. তাহের হোসেন বেপারী ঘরে ঢুকে পড়ে। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায় তাহের তার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করেছে।
ঘটনার পর পরিবার চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। খবর পাওয়ার পর এসআই কালাম গাজী দ্রুত শনিবার দুপুরে অভিযানে যান। কৌশলে মিশন রোড এলাকা থেকে একাই অভিযুক্ত তাহেরকে আটক করেন।
গতকাল রবিবার পুলিশ তাঁকে আদালতে পাঠায়। একই দিনে ভিকটিমকে আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পরিবার এখন ন্যায়বিচারের অপেক্ষায়।