মানিক দাস // চাঁদপুরে পিতৃপরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর নবজাতক কন্যাশিশুকে ঘিরে নতুন মোড় নিয়েছে ঘটনা। এবার মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে রোববার (৫ জুলাই) নবজাতককে দেখতে যান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানের মাধ্যমে শিশুটির জন্য উপহার দেন এবং মা ও নবজাতকের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
জেলা প্রশাসক জানান, মা ও শিশু দুজনই চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন জমা পড়েছে। তবে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করে যে পরিবার শিশুটির নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে,আমরা তাদের কাছেই শিশুটিকে হস্তান্তর করবো।
এদিকে, মতলব উত্তর উপজেলার এক নিঃসন্তান সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন করেছেন। তিনি দীর্ঘদিন নিঃসন্তান থাকার কথা উল্লেখ করে জানান, শিশুটির জন্মের পর থেকেই তার খরচ তারা বহন করছেন।আইন অনুযায়ী দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে।অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নবজাতকের মায়ের পরিচয় বা কোনো অভিভাবকের তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি। তাই পরবর্তী সব সিদ্ধান্ত আইন অনুযায়ী নেওয়া হবে।