পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার রাজিবের চা দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে।
এই তথ্য সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জকে জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী এসআই মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন মান্নান গাজী, বয়স ৩৭ বছর।
তিনি চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।
সন্দেহভাজন হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়।
এ সময় তার পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে একটি নীল রঙের ছেঁড়া জিপার ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগটির ভেতরে পাওয়া যায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৩ হাজার ২০০ টাকা। রাত ১টার দিকে পর্যাপ্ত আলোতে জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।পুলিশ জানায়, এটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পরে আরও মাদক উদ্ধারের চেষ্টা চালিয়ে তাকে থানায় নেওয়া হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।