নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের জে এম সেনগুপ্ত রোড ও মীর শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বিউটি স্টোর কে ১০,০০০/- টাকা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় এ ওয়ান প্লাস কে ৫,০০০/- টাকা এবং একই অপরাধে ফাতেমা ফেব্রিক্স কে ৫,০০০/- টাকাসহ মোট ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। আগামী তিনদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর,সদর, চাঁদপুর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।