নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে মদিনা বেকারি কে ২০,০০০/- টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে পলাশ মেডিকেল হল কে ৩০,০০০/- টাকা, একই অপরাধে মেসার্স মিলন মেডিকেল হল কে ১০,০০০/- টাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ১০,০০০/- টাকা, একই অপরাধে গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ১০,০০০/- টাকা, পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে মেসার্স মোবারক স্টোর কে ১০,০০০/- টাকা এবং মূল্য তালিকা না থাকা, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে ১০,০০০/- টাকাসহ মোট ১,০০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আরিফুল হাসান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম,হাইমচর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর শর্মিলা রানী মন্ডল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।