মানিক দাস // চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্কিনে ফুটবল খেলা দেখার আয়োজন করে মোশারফ ফাউন্ডেশন। বরাবরের মতো ২৮ জুন রোববার সকালে সেই এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা চলছিলো। এ সময় মাঠের একপাশে চিশতিয়া জামে মসজিদের সামনে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজের প্রস্তুতি শুরু হয়।
সাথে সাথে খেলা দেখার এলইডি স্কিন বন্ধ করে দিয়ে সবাইকে জানাজার নামাজে অংশগ্রহণের অনুরোধ জানান আয়োজকরা। শুধু তাই নয়, খেলা আয়োজনের মাইক্রোফোনটি জানাজা নামাজ পড়ানোর জন্য দেওয়া হয়। সে আহ্বানে সাড়া দিয়ে খেলা দেখা বন্ধ রেখে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও ফুটবলপ্রেমীরা জানাজার নামাজে শরিক হন। জানাজা শেষে পুনরায় এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শন শুরু হয়।
মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, খেলাধুলার আনন্দের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকে। তাই জানাজার নামাজ শুরু হওয়ার আগেই এলইডি স্কিন বন্ধ করে উপস্থিত সবাইকে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। এছাড়া পার্শ্ববর্তী স্কুলে শিক্ষা কার্যক্রম চলায় মাঠে সকল প্রকার আতশবাজি ফোটানো, হইহুল্লো কিংবা স্লোগান বন্ধ রাখা হয়েছে।
উপস্থিত অনেকেই আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, খেলার প্রতি আগ্রহ থাকলেও ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। আয়োজকদের এমন উদ্যোগ সামাজিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।