কাল রোববার (১ মার্চ) থেকে দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইলিশের পোনা (জাটকা) রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায়- ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ৪০ হাজারের বেশি নিবন্ধিত জেলে। সরকার চার কিস্তিতে ১৬০ কেজি চাল বিতরণের ঘোষণা দিলেও জেলাদের মতে, কিস্তির চাপ এবং সংসারের দৈনন্দিন খরচের তুলনায় এটি যথেষ্ট নয়।
জেলেরা জানাচ্ছেন, মাছ ধরা বন্ধ হতে চলায় তারা এখন নৌকা ও জাল মেরামতে সময় কাটাচ্ছেন। তবে ভবিষ্যতে সংসার চলবে কীভাবে, সেই চিন্তায় পড়েছেন।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে।
ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়। জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
গবেষকরা বলছেন, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান, পর্যাপ্ত খাদ্য সহায়তা এবং সহজ শর্তে আর্থিক প্রণোদনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এদিকে মার্চ ও এপ্রিল মাসজুড়ে জাটকা রক্ষার জন্য মাছ ধরা বন্ধ রাখার এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে থাকবে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তবে বিকল্প আয়ের ব্যবস্থা না হলে জেলেদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।