এস এম পারভেজঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নংদ চরভৈরবী ইউনিয়নের আমতলী থেকে নদীর পাড় খেয়াঘাট পর্যন্ত প্রায় ৩০০ বছর আগের পুরনো একটি ঐতিহ্যবাহী রাস্তা কেটে ড্রাম পাইলিং ভরাট করার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে প্রশাসনের নির্দেশে বর্তমানে কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমতলী থেকে নদীর পাড় খেয়াঘাট পর্যন্ত প্রায় ২৫০ মিটার এলাকায় ড্রাম পাইলিং প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। সেই অনুযায়ী কিছুদিন আগে কাজ শুরু হলেও দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে পুনরায় কাজ শুরু করা হয়। তবে কাজ শুরুর পর স্থানীয়রা দেখতে পান, পাইলিং ভরাটের জন্য বাইরে থেকে মাটি এনে ব্যবহার করার পরিবর্তে পুরনো ঐতিহ্যবাহী রাস্তার মাটি কেটে সেখানে ভরাট করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ বেকু (খননযন্ত্র) দিয়ে রাস্তা কাটার কাজের সময় বাধা প্রদান করেন এবং বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। খবর পেয়ে ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়কে অবহিত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ড্রাম পাইলিংয়ের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, আমতলী থেকে নদীর পাড় খেয়াঘাট পর্যন্ত এই পুরনো রাস্তা স্থানীয় মানুষের ইতিহাস ও যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় তিন শতাব্দী ধরে ব্যবহৃত এই রাস্তা কোনোভাবেই কেটে নষ্ট করা যাবে না। তারা বলেন, প্রকল্পের বরাদ্দ অনুযায়ী কাজ করতে হলে অন্য স্থান থেকে মাটি এনে পাইলিং ভরাট করতে হবে এবং পুরনো রাস্তার কোনো ক্ষতি করা যাবে না। ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পারভেজ হাওলাদার, হাইমচর উপজেলা মৎস্য দলের সভাপতি রেজাউল কোভিদ বেপারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ কবিরাজ, মোঃ হেলাল উদ্দিন ডাকু বেপারীসহ এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ। এলাকাবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে এবং ঐতিহ্যবাহী পুরনো রাস্তা সংরক্ষণ করে প্রকল্পের কাজ সঠিক নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।