নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের মতলব উওর উপজেলার নতুন বাজার ও আমিরাবাদ বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে খাবারে ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ইমরান সুইটস এন্ড রেস্টুরেন্ট কে ৫,০০০/- টাকা, একই অপরাধে কুটুম বাড়ী হোটেল কে ৩,০০০/- টাকা, মূল্য তালিকা না থাকায় আল মদিনা হোটেল কে ২,০০০/- টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে মোল্লাহ ড্রাগ হাউজ কে ১০,০০০/- টাকা এবং রাই ফার্মেসী ২,০০০/- টাকাসহ মোট ২২,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।